বঙ্গোপসাগরে ভারতের সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষাকে ঘিরে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আকাশে রহস্যময় উজ্জ্বল আলোর রেখা দেখা গেছে। হঠাৎ আকাশে ভেসে ওঠা ওই আলোকরেখা সাধারণ মানুষের মধ্যে বিস্ময়, কৌতূহল ও নানা আলোচনা সৃষ্টি করে।
সন্ধ্যার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে একটি উজ্জ্বল আলোকবিন্দু ধীরে ধীরে এগিয়ে যেতে দেখা যায় এবং কিছু সময় পর্যন্ত সেটি দৃশ্যমান ছিল। অনেকেই এটিকে প্রথমে অস্বাভাবিক কোনো জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা মনে করলেও পরে ধারণা করা হয় এটি ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ হতে পারে।
ভারত ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করে ‘নোটিশ টু এয়ারম্যান’ (নোটাম) জারি করেছে। এ সময়ের মধ্যে দেশটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালাতে পারে বলে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছিল।
বিভিন্ন সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে, ভারত নিজেদের দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৬’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ‘অগ্নি-৬’ সফলভাবে কার্যকর হলে এটি ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
এর আগে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও’র চেয়ারম্যান সমির ভি কামাথ জানিয়েছিলেন, দেশটি তাদের নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার সন্ধ্যায় দেখা যাওয়া আলোর উৎস সেই কর্মসূচির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না আসা পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
কসমিক ডেস্ক