চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে এই ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় রেশমি আক্তার (১২) নামে এক শিশু।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হাসান রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়। কয়েক দিন আগে তিনি বোনের বাসায় বেড়াতে রৌফাবাদে আসেন। ঘটনার রাতে হঠাৎ ৫ থেকে ৬ জন মুখোশধারী যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
স্থানীয়রা জানান, গুলিবর্ষণের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে আশপাশের মানুষ এগিয়ে এসে রাজুকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ সময় ঘটনাস্থলের পাশে থাকা রেশমি আক্তার নামে এক শিশুও গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
নিহতের বোন রুমা আক্তার দাবি করেছেন, তার ভাই রাজু পেশায় দিনমজুর ছিলেন এবং কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না। তিনি বলেন, পরিবার বুঝতে পারছে না কেন এবং কারা এই হামলা চালিয়েছে।
তবে স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তদন্তে ভিন্ন তথ্য উঠে এসেছে। জানা গেছে, গত ২৬ এপ্রিল রাউজানে যুবদল কর্মী নাসির উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের তালিকায় হাসান রাজুর নাম ছিল। সেই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে এটি পূর্ববিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও হামলাকারীদের পরিচয় জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কসমিক ডেস্ক