বগুড়ায় নতুন বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমির ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বগুড়ায় নতুন বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমির ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
বগুড়ায় নতুন বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমির ঘোষণা ছবির ক্যাপশন:

বগুড়াকে কেন্দ্র করে দেশের উত্তরাঞ্চলে বড় ধরনের বিমান ও প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তর, একটি পূর্ণাঙ্গ বিমানঘাঁটি স্থাপন এবং পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং একাডেমি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিমানবাহিনী প্রধান এই পরিকল্পনার বিস্তারিত তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বগুড়ায় উত্তরবঙ্গের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিমানবন্দরের অন্যতম লক্ষ্য হবে আন্তর্জাতিক কার্গো সুবিধা তৈরি করা, যাতে উত্তরাঞ্চলের কৃষিপণ্য ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উৎপাদিত পণ্য সরাসরি বিদেশে রপ্তানি করা যায়।

এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, বিমানবন্দরের জন্য ১০,৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) দ্রুত শুরু করা হবে। একই সঙ্গে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বাজারমূল্যের তিনগুণ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, বগুড়া অঞ্চলের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এখানে একটি আধুনিক বিমানঘাঁটি স্থাপনের প্রাথমিক অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সরকার নতুন জঙ্গি বিমান ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে এবং এসব আধুনিক যুদ্ধবিমান বগুড়া ঘাঁটিতে মোতায়েন করা হবে। এর মাধ্যমে দেশের আকাশসীমা নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানান, দেশে দক্ষ পাইলটের চাহিদা পূরণে বগুড়ায় একটি উন্নত ফ্লাইং একাডেমি স্থাপন করা হবে। এখানে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের পাইলট তৈরি করা হবে, যা দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বগুড়াই নয়, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর অর্থনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আসবে। কৃষি, শিল্প, রপ্তানি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে বেবিচকসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করে বাণিজ্যিক বিমান চলাচল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি স্থাপনের এই উদ্যোগকে দেশের উত্তরাঞ্চলের অবকাঠামো উন্নয়নে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ফেনীতে জামায়াত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

ফেনীতে জামায়াত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ