রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ নিরাপত্তাহীনতার এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হওয়ার আশঙ্কায় হেলমেট পরে পরীক্ষায় অংশ নিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৮তম ব্যাচের পরীক্ষায় এই দৃশ্য দেখা যায়। শিক্ষার্থীরা মাথা রক্ষায় হেলমেট পরে পরীক্ষার হলে প্রবেশ করেন, যা নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
এর আগে বুধবার সকালে গণিত বিভাগের একটি ক্লাস চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল আহত হন। এই ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, এমন ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ পরিবেশেই ক্লাস ও পরীক্ষা চালু রয়েছে।
গণিত বিভাগের শিক্ষার্থী নাঈম বলেন, ‘কখন কার মাথার ওপর পলেস্তারা খসে পড়বে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা নিজেদের নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করছি।’
আরেক শিক্ষার্থী নয়ন জানান, ‘দুজন শিক্ষার্থী আহত হওয়ার পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে পরীক্ষায় বসা কঠিন, তাই বাধ্য হয়ে হেলমেট পরে আসতে হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের এই উদ্বেগ নতুন নয়। বিভিন্ন সময় পুরনো ভবন ও রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে অভিযোগ উঠে আসলেও কার্যকর ব্যবস্থা গ্রহণে ধীরগতির অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা দ্রুত শ্রেণিকক্ষগুলো সংস্কার এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।
বিশ্লেষকদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং এটি শিক্ষার্থীদের মৌলিক অধিকার। তাই এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
কসমিক ডেস্ক