ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতি-এর চমকপ্রদ উত্থানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর-এর একটি ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এক বছর আগের একটি সাক্ষাৎকারে কিশোর বলেছিলেন, বিজয় যদি এককভাবে নির্বাচনে অংশ নেন, তাহলে তার জয়ের ভালো সম্ভাবনা রয়েছে। সেই বক্তব্য এখন বাস্তব ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকে।
জানা যায়, নির্বাচনের আগে এক জনমত জরিপে টিভিকে (তামিলগা ভেত্রি কাজগাম) ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল, যা তখন অনেকেই অবিশ্বাস করেছিলেন।
বর্তমান ফলাফলে দেখা যাচ্ছে, বিজয় থালাপতির দল উল্লেখযোগ্য সংখ্যক আসনে এগিয়ে রয়েছে, যা অনেক বুথফেরত জরিপকেও ছাড়িয়ে গেছে।
তবে প্রশান্ত কিশোর জানিয়েছেন, তিনি বিজয়ের রাজনৈতিক উপদেষ্টা নন এবং তাদের সম্পর্ক মূলত বন্ধুত্বপূর্ণ।
এদিকে ফলাফল ঘিরে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নিয়েও জল্পনা বাড়ছে।