মুক্তিযোদ্ধাদের দুই গ্রুপে বিরোধ, অনুষ্ঠান ভেস্তে গেল শিবগঞ্জে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মুক্তিযোদ্ধাদের দুই গ্রুপে বিরোধ, অনুষ্ঠান ভেস্তে গেল শিবগঞ্জে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
মুক্তিযোদ্ধাদের দুই গ্রুপে বিরোধ, অনুষ্ঠান ভেস্তে গেল শিবগঞ্জে ছবির ক্যাপশন:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হট্টগোলের মুখে পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত তা স্বাভাবিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা চত্বরে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

তবে বক্তব্য পর্ব শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থাপক উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম যখন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদের নাম ঘোষণা করেন, তখনই সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুসহ কয়েকজন তাকে বক্তব্য দিতে বাধা দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে এবং অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে।

ঘটনা সম্পর্কে জুবায়ের হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন পর তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও মঞ্চে উঠতেই কিছু মুক্তিযোদ্ধা তাকে বাধা দেন। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার বজলার রশিদ সনু পাল্টা দাবি করে বলেন, পূর্বনির্ধারিত তালিকার বাইরে গিয়ে বক্তব্য দেওয়ার জন্য জুবায়ের হোসেনের নাম ঘোষণা করা হয়েছিল। তাই তাকে বাধা দেওয়া হয়েছে এবং এতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়নি।

ঘটনার পর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে এই ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
প্রভাবশালীদের চাঁদার হাটে পরিণত কাওরান বাজার

প্রভাবশালীদের চাঁদার হাটে পরিণত কাওরান বাজার