মা দিবসে ছেলের জীবন বাঁচাতে কিডনি দান করলেন মা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মা দিবসে ছেলের জীবন বাঁচাতে কিডনি দান করলেন মা

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
মা দিবসে ছেলের জীবন বাঁচাতে কিডনি দান করলেন মা ছবির ক্যাপশন:

শরীয়তপুরে এক মায়ের অসাধারণ আত্মত্যাগ আবারও প্রমাণ করেছে, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা পৃথিবীর সব সীমা ছাড়িয়ে যায়। বিশ্ব মা দিবসে নিজের সন্তানের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন নাসিমা সুলতানা, যা পুরো এলাকায় গভীর আবেগের সৃষ্টি করেছে।

জানা গেছে, শরীয়তপুরের জাজিরা পৌরসভার উত্তর বাইকশা এলাকার বাসিন্দা নাসিমা সুলতানা তার ছেলে নাসিম জাহান আকাশের জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত নেন। প্রায় ৯ মাস আগে হঠাৎ করেই আকাশ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তার দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে গেছে। এরপর থেকেই শুরু হয় দীর্ঘ চিকিৎসা সংগ্রাম।

ডায়ালাইসিস, হাসপাতালের বিছানা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটতে থাকে আকাশের জীবন। প্রতিনিয়ত শারীরিক ও মানসিক কষ্টে ভুগতে থাকেন তিনি। ছেলের এমন অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারেননি মা নাসিমা সুলতানা। তবে ভেঙে পড়লেও তিনি হাল ছাড়েননি।

শেষ পর্যন্ত সন্তানের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সাহসী সিদ্ধান্ত নেন তিনি। একজন মা হিসেবে তার এই মানবিক ও আত্মত্যাগমূলক সিদ্ধান্তে সবাই মুগ্ধ হয়েছেন। নাসিমা সুলতানা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষক হিসেবে তিনি যেমন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলছেন, তেমনি মা হিসেবেও স্থাপন করেছেন অনন্য দৃষ্টান্ত।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (১০ মে) বিশ্ব মা দিবসেই ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে আকাশের কিডনি প্রতিস্থাপন অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অপারেশনটি পরিচালনা করবেন দেশের খ্যাতিমান কিডনি প্রতিস্থাপন সার্জন ও ইউরোলজিস্ট ডা. মো. কামরুল ইসলাম, যিনি দীর্ঘদিন ধরে স্বল্প খরচে কিডনি প্রতিস্থাপন ও মানবিক চিকিৎসাসেবার জন্য পরিচিত।

এ ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েছে আকাশের পরিবার ও স্থানীয়রা। আকাশের বড় বোন বৃষ্টি বলেন, ‘আমার ভাইকে বাঁচানোর জন্য মা নিজের শরীরের একটি অংশ দিয়ে দিচ্ছেন। পৃথিবীতে মায়ের মতো কেউ নেই। মা দিবসে এর চেয়ে বড় ঘটনা আমাদের জীবনে আর কিছু হতে পারে না। সবাই আমার মা ও ভাইয়ের জন্য দোয়া করবেন।’

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘অনেক ঘটনা আমরা শুনি, কিন্তু একজন মা নিজের জীবন ঝুঁকিতে ফেলে সন্তানের জন্য কিডনি দিচ্ছেন এটা সত্যিই বিরল। এ ঘটনা আমাদের নাড়া দিয়েছে।’

জাজিরা উপজেলার শিক্ষক সমাজের সদস্য মো. হুমায়ুন কবির বলেন, ‘নাসিমা ম্যাডাম সবসময়ই মানবিক একজন মানুষ হিসেবে পরিচিত। তবে আজ তিনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।’

স্থানীয় তরুণ সমাজকর্মী জাহিদ হাসান বলেন, ‘মা দিবসে আমরা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিই। কিন্তু এই মা বাস্তবে দেখিয়ে দিলেন, মায়ের ভালোবাসা কতটা গভীর হতে পারে।’

বিশ্ব মা দিবসে এই মায়ের আত্মত্যাগ শুধু শরীয়তপুর নয়, পুরো দেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। কারণ, পৃথিবীর সব অনুভূতির ঊর্ধ্বে একটাই শব্দ—মা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ট্রাম্প প্রশাসনের কঠোর সিদ্ধান্ত: ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা

ট্রাম্প প্রশাসনের কঠোর সিদ্ধান্ত: ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা