পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি ছবির ক্যাপশন:

আসন্ন পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের জঙ্গি হামলা বা বড় নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, উৎসবকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর রমনা পার্কে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ ঘিরে রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি, চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে এবং প্রতিটি মোড়ে বসানো হবে তল্লাশি চেকপোস্ট।

তিনি আরও জানান, পুরো এলাকা সিসি ক্যামেরা, ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হবে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে। পাশাপাশি সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে, যারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

অপপ্রচার ও গুজব প্রতিরোধে সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করবে বলেও জানান তিনি। উৎসবকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা নির্দেশনার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রমনা পার্কসহ বিভিন্ন উৎসবস্থলে মুখোশ, বড় ব্যাগ ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে আতশবাজি ফোটানোর ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

তিনি জানান, রমনা পার্কে প্রবেশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বিকেল ৫টা পর্যন্ত। এরপর প্রবেশ বন্ধ থাকবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সবাইকে পার্ক ত্যাগ করতে হবে। শোভাযাত্রার পুরো রুট নিরাপত্তার চাদরে আবৃত থাকবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। জনগণের সহযোগিতা থাকলে পহেলা বৈশাখ নির্বিঘ্নে উদযাপন করা সম্ভব হবে।

সব মিলিয়ে রাজধানীতে পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হলেও কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে ডিএমপি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কিমের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের সফল পরীক্ষা

কিমের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের সফল পরীক্ষা