পবিত্র কোরআন সংরক্ষণে বিশ্বের পাঁচ বিখ্যাত জাদুঘর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পবিত্র কোরআন সংরক্ষণে বিশ্বের পাঁচ বিখ্যাত জাদুঘর

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
পবিত্র কোরআন সংরক্ষণে বিশ্বের পাঁচ বিখ্যাত জাদুঘর ছবির ক্যাপশন:

পবিত্র কোরআন মুসলিম উম্মাহর সর্বশেষ আসমানি কিতাব এবং মানবজাতির জন্য হেদায়েতের চূড়ান্ত নির্দেশনা। নবী মুহাম্মদ (সা.)-এর যুগ থেকে কোরআন যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সংরক্ষিত হয়ে আসছে। আধুনিক যুগে প্রযুক্তির পাশাপাশি জাদুঘরগুলো কোরআন সংরক্ষণ ও ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে অসংখ্য কোরআন বিষয়ক জাদুঘর, যেগুলো ইসলামিক ঐতিহ্য ও সভ্যতার সাক্ষ্য বহন করে।

এই জাদুঘরগুলোর মধ্যে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত “বাইত আল কোরআন” অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরে ১০ হাজারেরও বেশি কোরআনের অনুলিপি সংরক্ষিত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো খলিফা উসমান ইবনে আফফান (রা.)-এর যুগের প্রাচীন কপি এবং হিজরি প্রথম শতকের হাতে লেখা অনুলিপি। এছাড়া এখানে কোরআনের ক্ষুদ্রতম কপি, প্রাচীন লাতিন অনুবাদ এবং বিশ্বের প্রথম মুদ্রিত কোরআনের অনুলিপিও রয়েছে। জাদুঘরের পাশাপাশি এখানে একটি বিশাল পাঠাগার, মসজিদ এবং সভাকক্ষও রয়েছে, যা এটিকে একটি পূর্ণাঙ্গ ইসলামিক জ্ঞানকেন্দ্রে পরিণত করেছে।

সৌদি আরবের মদিনায় অবস্থিত “হলি কোরআন এক্সিবিশন” আধুনিক প্রযুক্তিনির্ভর একটি কোরআন প্রদর্শনীকেন্দ্র। মসজিদে নববী কমপ্লেক্সের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত এই জাদুঘরে কোরআনের ইতিহাস ডিজিটাল উপায়ে উপস্থাপন করা হয়েছে। এখানে হিজরি প্রথম শতক থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন কোরআনের অনুলিপি প্রদর্শিত হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো উসমান (রা.)-এর সময়ের হরিণের চামড়ায় লেখা কোরআন এবং প্রায় ২০০ বছর পুরোনো একটি বিশাল কোরআনের অনুলিপি, যা চারটি উটের মাধ্যমে মদিনায় আনা হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাতের সারজাহ শহরের “হলি কোরআন মিউজিয়াম” আধুনিক বিশ্বের অন্যতম আকর্ষণীয় ইসলামিক জাদুঘর। এখানে কোরআনের প্রায় ১৪০০ বছরের ইতিহাসকে জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে। হেরা গুহার প্রতিকৃতি, প্রথম যুগে হাড়, চামড়া ও গাছের বাকলে লেখা আয়াতের উপস্থাপনা দর্শনার্থীদের অতীতের সঙ্গে পরিচিত করে। এছাড়া এখানে খেজুরপাতায় লেখা বিরল কোরআনের অনুলিপিসহ ৬০টি প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষিত আছে।

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত “ন্যাশনাল মিউজিয়াম অব হলি কোরআন” কোরআন সংরক্ষণের অন্যতম বৃহৎ কেন্দ্র। ভূগর্ভে অবস্থিত এই জাদুঘরে কোরআনের প্রাচীন অনুলিপি, ক্যালিগ্রাফি, বাঁধাই শিল্প এবং ইসলামিক অলঙ্করণের ইতিহাস প্রদর্শিত হয়। এখানে চতুর্থ হিজরি শতক থেকে কাজার যুগ পর্যন্ত বিভিন্ন কোরআনের নিদর্শন সংরক্ষিত রয়েছে, যা ইসলামিক শিল্পকলার বিকাশকে তুলে ধরে।

মালয়েশিয়ার মালাক্কা শহরের “মালাক্কা আল কোরআন মিউজিয়াম” দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ইসলামিক জাদুঘর। এখানে কোরআনের প্রাচীন অনুলিপি ছাড়াও নবী মুহাম্মদ (সা.)-এর যুগের ওহি নাজিলের ইতিহাস এবং মালয় অঞ্চলে ইসলামের বিস্তার তুলে ধরা হয়েছে। ১২টি প্রদর্শনী হলে বিভক্ত এই জাদুঘর ইসলামিক জ্ঞান ও ইতিহাসের একটি সমৃদ্ধ ভান্ডার।

সব মিলিয়ে, এই পাঁচটি জাদুঘর শুধু কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণই নয়, বরং ইসলামিক ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার এক জীবন্ত দলিল হিসেবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই যোদ্ধা ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় সরকার, গানম্যান প

জুলাই যোদ্ধা ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় সরকার, গানম্যান প