ঢাকার মগবাজারে ‘নবীন ফ্যাশন’ পাঞ্জাবির দোকান বন্ধ করার ঘটনায় আদালত স্বপ্রণোদিত হয়ে দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে পুলিশ ওসিকে (হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) তলব করে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২৫ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক জাস্টিস অব পিস হিসেবে এই আদেশ দেন। সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন খবরে দেখা গেছে, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের ‘নবীন’ ব্র্যান্ডের একটি দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করে দেয়। কিছু ব্যক্তি উচ্ছৃঙ্খল আচরণ করলেও পুলিশ নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকায় জনমনে ভীতি তৈরি হয়েছে। আদালত এ ধরনের আচরণকে আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে ঘোষণা করতে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে।
ঘটনাটি ঘটে ২০ মার্চ, ঈদুল ফিতরের আগে, যখন কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে প্রতিবেশী দোকানীরা আপত্তি জানিয়ে দোকানটি বন্ধ করে। আদালত দোকান খোলার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের নাম-পরিচয় বিস্তারিত আদালতে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
কসমিক ডেস্ক