দেশের তরুণ ও নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু এবং সম্প্রসারণে সহজ শর্তে ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
রবিবার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।
অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এই তহবিলের আওতায় নতুন উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। প্রয়োজনীয় জামানত থাকলে একই স্কিম থেকে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধাও পাওয়া যাবে।
তিনি আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন, যা নতুন উদ্যোগের জন্য বড় সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
ঋণ সুবিধার পাশাপাশি স্টার্টআপ খাতে ইক্যুইটি বিনিয়োগের সুযোগও তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি গঠন করা হয়েছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলো ইক্যুইটি বিনিয়োগ সহায়তা গ্রহণ করতে পারবে।
অর্থমন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত বা বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে সহায়তা দিতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোটি টাকার একটি তহবিল সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে, যা ২০২৫ সালের ১৪ জুলাই শেষ হয়।
বর্তমানে এ কর্মসূচির ধারাবাহিকতায় ১ হাজার ২০০ কোটি টাকার নতুন তহবিল গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই তহবিল চালু হলে আরও বেশি নতুন উদ্যোক্তা স্বল্প সুদে অর্থায়নের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
কসমিক ডেস্ক