দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় দেশের পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) সন্ধ্যা থেকে এই দায়িত্ব পালন শুরু হয়েছে।
মোতায়েন করা জেলাগুলো হলো কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজার।
সোমবার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এসব জেলায় বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। বর্তমান নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম ৩০ জুন পর্যন্ত চলবে।
এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোতেও প্রয়োজন দেখা দিলে দ্রুত মোতায়েনের জন্য বিজিবির সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে তারা স্ট্যান্ডবাই অবস্থায় থাকবেন বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের ক্ষেত্রে বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
কসমিক ডেস্ক