গণতন্ত্রের স্বার্থে মুরাদনগরে ঐক্যবদ্ধ বিএনপি ও গণঅধিকার পরিষদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গণতন্ত্রের স্বার্থে মুরাদনগরে ঐক্যবদ্ধ বিএনপি ও গণঅধিকার পরিষদ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
গণতন্ত্রের স্বার্থে মুরাদনগরে ঐক্যবদ্ধ বিএনপি ও গণঅধিকার পরিষদ ছবির ক্যাপশন:
ad728

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি সমর্থন জানিয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছে গণঅধিকার পরিষদ। দলটির মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মুরাদনগর উপজেলার গণঅধিকার পরিষদ কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন বলেন, দেশে দীর্ঘদিন ধরে দুঃশাসন, ভোটাধিকার হরণ, গণতন্ত্রের সংকট এবং জনগণের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় পর্যায়ের জোট ও রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই মুরাদনগরে বিএনপি ও গণঅধিকার পরিষদ পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, “এই ঐক্য কোনো সাময়িক রাজনৈতিক কৌশল নয়। এটি গণতন্ত্রের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকে গড়ে ওঠা একটি অবস্থান।” বিভক্তির রাজনীতি জনগণের ক্ষতি করে উল্লেখ করে তিনি বলেন, ঐক্যের মাধ্যমেই অন্যায় ও দমননীতির বিরুদ্ধে জয় নিশ্চিত করা সম্ভব।

ফরিদ উদ্দিন আরও বলেন, এই রাজনৈতিক ঐক্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং মুরাদনগরের মানুষ, দেশের জনগণ এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে নেওয়া একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি মুরাদনগরের সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ ও গণতন্ত্রকামী শক্তির প্রতি এই ঐক্যের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি জানান, গণঅধিকার পরিষদের ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সব নেতাকর্মীকে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদের প্রার্থী মনিরুজ্জামান এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রার্থীকে সমর্থন জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মনিরুজ্জামান, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. কামাল, সাধারণ সম্পাদক রশিদ রানা, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য জহিরসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কুমিল্লা-৩ আসনে এই জোটবদ্ধ অবস্থান নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শরীয়তপুরে ককটেল তৈরির আস্তানা সন্দেহে অভিযান, বিপুল সরঞ্জাম

শরীয়তপুরে ককটেল তৈরির আস্তানা সন্দেহে অভিযান, বিপুল সরঞ্জাম