বাংলাদেশে তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষা, বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তৃতীয় ভাষা অন্তর্ভুক্তির বিষয়টি।
বৈঠকে ফরাসি ভাষাকে তৃতীয় ভাষা শিক্ষার অন্যতম প্রধান বিকল্প হিসেবে যুক্ত করার সম্ভাবনা নিয়ে দুই পক্ষই মতবিনিময় করে। মাহদী আমিন বলেন, বৈশ্বিক প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ফরাসি ভাষা শিক্ষা সম্প্রসারণ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। তিনি এ উদ্যোগ বাস্তবায়নে ফ্রান্সের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা কামনা করেন।
আলোচনায় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও চলমান অর্থনৈতিক সংস্কারের দিকগুলো ফরাসি রাষ্ট্রদূতের সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে ফ্রান্সের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়।
শিক্ষা খাতে সহযোগিতার পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সরাসরি যোগাযোগ ও যৌথ গবেষণা কার্যক্রম বাড়ানোর প্রস্তাব আসে। এছাড়া প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবনী খাতে যৌথ কাজের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে উচ্চশিক্ষা বৃত্তির সুযোগ সম্প্রসারণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। একই সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেওয়া হয়।
উভয় পক্ষই বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে। তারা ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়ে একমত হন।
বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রিজিওনাল ইকোনমিক ডিপার্টমেন্টের প্রধান ফ্লোরেন্ট ম্যানগিন উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক