অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে প্রতিবন্ধীদের সম্পৃক্ততার ওপর জোর জাইমা রহমানের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে প্রতিবন্ধীদের সম্পৃক্ততার ওপর জোর জাইমা রহমানের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে প্রতিবন্ধীদের সম্পৃক্ততার ওপর জোর জাইমা রহমানের ছবির ক্যাপশন:
ad728

দেশ গঠনের প্রতিটি স্তরে প্রতিবন্ধী নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে হলে শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধীসহ সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান লেক পার্কে ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভাটিতে শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী নাগরিকরা অংশ নেন এবং নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও সংকটের কথা তুলে ধরেন।

ব্যারিস্টার জাইমা রহমান বলেন, “শুধু প্রতিবন্ধী জনগোষ্ঠী নয়, সমাজের সব ধরনের পিছিয়ে পড়া মানুষদের নিয়েই আমাদের একসঙ্গে কাজ করতে হবে। রাষ্ট্র পরিচালনার প্রতিটি পরিকল্পনায় সবার অংশগ্রহণ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা যানবাহন ব্যবস্থার অপ্রতুলতা, সড়কে চলাচলের প্রতিবন্ধকতা, সর্বজনীন শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বেকারত্বের মতো বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে শহরের অবকাঠামো প্রতিবন্ধী-বান্ধব না হওয়ায় দৈনন্দিন জীবনে যে ভোগান্তির মুখে পড়তে হয়, সে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

বাক ও শ্রবণ প্রতিবন্ধী অংশগ্রহণকারীরা ইশারা দোভাষীর সহায়তায় কর্মক্ষেত্রে বৈষম্য, যোগাযোগের সীমাবদ্ধতা এবং চাকরির সুযোগ কম থাকার বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, দক্ষতা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধকতার কারণে মূলধারার কর্মক্ষেত্রে যুক্ত হতে পারছেন না।

এই প্রেক্ষাপটে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, প্রতিবন্ধী নাগরিকদের কেবল সহানুভূতির চোখে দেখলে হবে না; বরং তাদের সক্ষমতা অনুযায়ী সুযোগ তৈরি করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন মতবিনিময়ের মাধ্যমে প্রতিবন্ধী নাগরিকরা আরও বেশি কথা বলার সুযোগ পাবেন এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের মতামত প্রতিফলিত হবে।

সভা শেষে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের সঙ্গে দীর্ঘমেয়াদে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যারিস্টার জাইমা রহমান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিপিএল ফাইনালে চমক, আকাশপথে ট্রফি আনবেন আকবর-সালমা

বিপিএল ফাইনালে চমক, আকাশপথে ট্রফি আনবেন আকবর-সালমা