শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুত বঙ্গভবন ও সংশ্লিষ্ট দপ্তর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুত বঙ্গভবন ও সংশ্লিষ্ট দপ্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুত বঙ্গভবন ও সংশ্লিষ্ট দপ্তর ছবির ক্যাপশন:
ad728

সংসদ নির্বাচনের পর নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য সব ধরনের আগাম প্রস্তুতি সম্পন্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন শেষ হওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যেই নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রোজার আগে ফেব্রুয়ারির ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে ১৭ ফেব্রুয়ারিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সংসদ সচিবালয়, গণপূর্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বঙ্গভবনকেও প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সরকার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদ সদস্যদের শপথ, নতুন সরকারের শপথ এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর—এই পুরো প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো একাধিক বৈঠক করেছে। শপথ অনুষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তারা সংসদ সচিবালয় ও গণভবন পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজখবর নিয়েছেন।

জানা গেছে, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। নতুন কোনো পরিস্থিতি তৈরি না হলে ১৩ অথবা ১৪ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হতে পারে। এরপরই ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ১৫ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো সময় শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানটি যেন স্মরণীয় ও প্রাণবন্ত হয়, সে বিষয়ে নির্দেশনা রয়েছে। আমন্ত্রিত অতিথিদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। শপথ অনুষ্ঠান বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হলেও এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিরাপত্তা ও প্রটোকল সংক্রান্ত দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। সে কারণে শপথ অনুষ্ঠানটিকেও আগের তুলনায় ব্যতিক্রমী ও আকর্ষণীয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শপথ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রাষ্ট্রপতির সামরিক বিভাগ যুক্ত থাকবে, তবে দাপ্তরিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে দরবার হল ও আশপাশের এলাকায় আসন বিন্যাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে সংসদ সচিবালয় জানিয়েছে, জাতীয় সংসদ ভবন সংস্কার করে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। গণঅভ্যুত্থানের পর সংসদ ভবন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে অধিবেশন পরিচালনার জন্য সব ব্যবস্থা সম্পন্ন রয়েছে। পাশাপাশি এমপি হোস্টেল, ন্যাম ভবন এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনও সংস্কার করা হয়েছে।

নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি চারটি সম্ভাব্য বাসভবন পরিদর্শন করেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নতুন সরকার গ্রহণ করবে বলে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ—অবস্থান অনড় বি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না বাংলাদেশ—অবস্থান অনড় বি