বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, ‘গুপ্ত’ হিসেবে পরিচিত একটি গোষ্ঠীর লোকজন দেশের বিভিন্ন স্থানে ভুয়া সিল ও ব্যালট পেপার ছাপাচ্ছে, যা নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হচ্ছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, “গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর দেখছি—যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, যাদের বাংলাদেশের মানুষ ‘গুপ্ত’ হিসেবে চেনে, তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। শুনতে পাচ্ছি, তাদের পরিচিত যেসব প্রেস আছে, সেখানে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেগুলো তারা পকেটে করে নিয়ে যাবে।”
তারেক রহমান আরও অভিযোগ করেন, ওই গোষ্ঠীর লোকজন বিভিন্ন এলাকায় গিয়ে নিরীহ নারী ও সাধারণ মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং বিকাশ নম্বর সংগ্রহ করছে। তার ভাষায়, “এই গুপ্তের দল বলছে, তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। অথচ নির্বাচনের আগেই তারা জাল ব্যালট ছাপাচ্ছে এবং মা-বোনদের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে। অনৈতিক কাজ দিয়েই তারা মানুষের ভোটকে প্রভাবিত করতে চাইছে।”
তিনি বলেন, যাদের ভোট কার্যক্রমের শুরুটাই অনৈতিক, তারা কখনো সৎ ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না। তারেক রহমান দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভোট ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।
বক্তব্যে তিনি আরও বলেন, “মা-বোনদের অপমান করার পর তারা বলছে, তারা এসব করেনি। আবার কেউ কেউ দাবি করছে, তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তাদের আইডি হ্যাক হয়নি। ধরা পড়ার পর তারা মিথ্যা কথা বলা শুরু করেছে।”
এর আগে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন তারেক রহমান। হেলিকপ্টার থেকে নামার পর বরিশাল বিভাগ ও জেলা বিএনপির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় বরিশাল বিভাগের ছয় জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা হয়। জনসভাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি দেখা যায়।
দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশালে এলেন তারেক রহমান। সর্বশেষ ২০০৬ সালে তিনি বরিশাল সফর করেছিলেন, তখন তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার দলীয় চেয়ারম্যান হিসেবে তার আগমন দক্ষিণাঞ্চলের বিএনপি রাজনীতিতে নতুন উদ্দীপনা ও রাজনৈতিক আগ্রহ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দলীয় নেতারা।
কসমিক ডেস্ক