টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ফ্রান্স। তবে ডালাসে অনুষ্ঠিত সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয় দিদিয়ের দেশমের শিষ্যদের। ম্যাচ শেষে দলের ব্যর্থতার পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় এমবাপ্পে বলেন, অধিনায়ক হিসেবে এই পরাজয়ের দায়িত্ব তিনি এড়িয়ে যেতে চান না। তার ভাষায়, “দলের অধিনায়ক হিসেবে এই হারের সব দায় আমি নিজের কাঁধেই নিচ্ছি। আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি।”
স্পেনের বিপক্ষে ফ্রান্সের সবচেয়ে বড় দুর্বলতা ছিল মাঝমাঠের নিয়ন্ত্রণ হারানো। রদ্রি ও ফাবিয়ান রুইজের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে ফরাসি মিডফিল্ড কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বিষয়টি তুলে ধরে এমবাপ্পে বলেন, তিনজন মিডফিল্ডার থাকা সত্ত্বেও তারা প্রতিপক্ষের দুই মিডফিল্ডারকে পর্যাপ্ত চাপ দিতে ব্যর্থ হয়েছেন।
তিনি আরও বলেন, দলের প্রেসিংয়ে সমন্বয়ের অভাব ছিল এবং তার মতে, ম্যান-টু-ম্যান প্রেসিং কৌশল গ্রহণ করলে ফল ভিন্ন হতে পারত।
চলতি বিশ্বকাপে প্রথম ছয় ম্যাচে ১৬ গোল করা ফ্রান্সের আক্রমণভাগও সেমিফাইনালে নিজেদের সেরাটা দেখাতে পারেনি। ম্যাচের ২২ মিনিটে লুকাস দিগনের করা ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। দ্বিতীয়ার্ধের শুরুতে পেদ্রো পোরো ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ফ্রান্স।
দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে এমবাপ্পে বলেন, কৌশলগত পরিকল্পনা কিংবা বলের দখল—কোনো ক্ষেত্রেই তারা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় ম্যাচে এমন পারফরম্যান্স নিয়ে জয় পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ম্যাচে ফিরে আসতে দ্বিতীয়ার্ধে কোচ দিদিয়ের দেশম একাধিক পরিবর্তন আনলেও স্পেনের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি ফ্রান্স। পুরো টুর্নামেন্টে ৮ গোল করা এমবাপ্পেও এদিন স্প্যানিশ ডিফেন্ডারদের কঠোর মার্কিংয়ে কার্যত নিষ্প্রভ ছিলেন।
তবে দল বিদায় নিলেও ব্যক্তিগত অর্জনের দৌড়ে এখনও এগিয়ে আছেন এমবাপ্পে। ৮ গোল নিয়ে তিনি বর্তমানে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের শীর্ষে অবস্থান করছেন।
এখন ফ্রান্সের লক্ষ্য তৃতীয় স্থান নিশ্চিত করা। আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দলের মুখোমুখি হবে।
কসমিক ডেস্ক