কৃষি কার্ডের মাধ্যমে কৃষকের হাতে সরাসরি সহায়তা পৌঁছাবে: তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কৃষি কার্ডের মাধ্যমে কৃষকের হাতে সরাসরি সহায়তা পৌঁছাবে: তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
কৃষি কার্ডের মাধ্যমে কৃষকের হাতে সরাসরি সহায়তা পৌঁছাবে: তারেক রহমান ছবির ক্যাপশন:
ad728

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে। সে কারণে সরকার গঠন করতে পারলে কৃষকদের সহায়তায় একাধিক পদক্ষেপ নেওয়া হবে। এর অংশ হিসেবে প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে সার, বীজ, কীটনাশকসহ ব্যাংক ঋণ ও সরকারি সব সুবিধা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, উত্তরাঞ্চল মূলত কৃষিনির্ভর এলাকা। এই অঞ্চলের কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। কৃষিকে অগ্রাধিকার দিয়েই বিএনপি উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পদ্মা ব্যারাজ প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ পুরো উত্তরাঞ্চলের মানুষের জীবনমান আমূল পরিবর্তন হবে। বরেন্দ্র অঞ্চল থেকে শুরু করে ঠাকুরগাঁও ও পঞ্চগড় পর্যন্ত কৃষকরা এর সুফল পাবেন। একই সঙ্গে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচিসহ পূর্ববর্তী উন্নয়ন পরিকল্পনাগুলো নতুন করে চালু করার কথাও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আমচাষিদের প্রসঙ্গ তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, এই অঞ্চলে আধুনিক হিমাগারের অভাব রয়েছে। আম সংরক্ষণ ও কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এখানে হিমাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষিভিত্তিক মিল-ফ্যাক্টরি ও শিল্পকারখানা স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দেওয়া হবে, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়।

রাজশাহীর আইটি পার্ক কার্যত অচল অবস্থায় রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এখানে শিক্ষিত ও উচ্চশিক্ষিত অনেক তরুণ-তরুণী থাকলেও কাজের সুযোগ নেই। আইটি পার্ক সচল করে তথ্যপ্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে তরুণ ও নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রত্যেক মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, দল-মত নির্বিশেষে প্রত্যেক মা এই কার্ড পাবেন। এর মাধ্যমে সরকার থেকে ন্যূনতম আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে, যাতে তারা সংসারের চাপ সামলাতে পারেন।

চিকিৎসার জন্য প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ বিদেশে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এতে দেশের বৈদেশিক মুদ্রা অপচয় হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

বক্তব্যে তারেক রহমান বলেন, গত ১৬–১৭ বছরে দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে তিনি সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায়।

জনসভায় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন সভাপতিত্ব করেন। এতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত