ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী আবারও আলোচনায়। বয়স এখনো ১৬ বছর পূর্ণ হয়নি, অথচ এরই মধ্যে বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট, আইপিএল এবং ভারত ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে সুযোগ পাওয়া এই তরুণ ব্যাটার এখন ভারতের ক্রিকেটে অন্যতম আলোচিত নাম।
এই সফরে অভিষেক হলে বৈভব সূর্যবংশী ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকারের দীর্ঘদিনের একটি রেকর্ড ভেঙে দেশের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার কৃতিত্ব অর্জন করবেন। তবে মাঠের পারফরম্যান্সের বাইরে এবার ভিন্ন একটি কারণে শিরোনামে এসেছেন তিনি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) শিশু সুরক্ষা নীতিমালা অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী খেলোয়াড়দের নাবালক হিসেবে গণ্য করা হয়। ফলে বৈভব সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে একই চেঞ্জিং রুমে পোশাক পরিবর্তন বা শাওয়ার ব্যবহার করতে পারবেন না। তাকে এ জন্য আলাদা একটি কক্ষ ব্যবহার করতে হবে।
যদিও ম্যাচ-পূর্ব প্রস্তুতি, ওয়ার্ম-আপ, টিম মিটিং এবং কৌশলগত আলোচনায় তিনি দলের অন্য সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই অংশ নিতে পারবেন। তবে পোশাক পরিবর্তন ও ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে তাকে বিশেষ নিয়ম মেনে চলতে হবে।
এ কারণে সফরের বিভিন্ন ভেন্যুতে ভারতীয় দলের জন্য অতিরিক্ত একটি কক্ষের ব্যবস্থা রাখতে হবে। যদি কোনো মাঠে তিনটি আলাদা রুমের ব্যবস্থা না থাকে, তাহলে বৈভবকে দলের অন্য সদস্যদের আগেই পোশাক পরিবর্তন ও প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে।
এই পরিস্থিতিতে একাকিত্বের শঙ্কা থাকলেও তার বাবা-মা সফরে দলের সঙ্গে থাকবেন। শিশু সুরক্ষা নীতিমালা অনুযায়ী, নাবালক খেলোয়াড়ের সঙ্গে অভিভাবকরা ওই কক্ষে অবস্থান করতে পারেন। ভারতীয় ক্রিকেট বোর্ডও বৈভবের দেখভালের জন্য তার বাবা-মায়ের সফর ব্যয় বহনের ব্যবস্থা করেছে।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারতের এই সফর শুরু হবে। তরুণ এই ব্যাটার অভিষেকের সুযোগ পেলে শুধু নতুন রেকর্ডই গড়বেন না, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও নতুন আশার জন্ম দেবেন।
কসমিক ডেস্ক