হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় ব্রাজিলের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় ব্রাজিলের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় ব্রাজিলের ছবির ক্যাপশন:

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। দলের আক্রমণভাগ, মিডফিল্ড এবং গোল করার সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সেই সব প্রশ্নের জবাব দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। যদিও ম্যাচের প্রথম কয়েক মিনিট নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় দলটি। এরপর ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আক্রমণের ধার বাড়াতে শুরু করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের নায়ক ছিলেন মাতেউস কুনিয়া। ২৩ থেকে ৩৬ মিনিটের মধ্যে জোড়া গোল করে ব্রাজিলকে স্বস্তির পথ দেখান তিনি। দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম গোলের ক্ষেত্রে তাঁর শট প্রতিহত করার পর ফিরতি বলে জালে বল পাঠান কুনিয়া। দ্বিতীয় গোলে ভিনির নিখুঁত থ্রু পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের খাতায় নাম লেখান ভিনিসিয়ুস নিজেও। লুকাস পাকেতার পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে হাইতির গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান তিনি। ফলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল পায়নি সেলেসাওরা। কয়েকটি সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডরা। এমনকি অফসাইডের কারণে বাতিল হয় দুটি গোল। অন্যদিকে হাইতিও কয়েকবার ব্রাজিলের রক্ষণে চাপ সৃষ্টি করে। গোলরক্ষক আলিসনকে গুরুত্বপূর্ণ কিছু সেভ করতে হয়।

এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে ব্রাজিল। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটল্যান্ড এবং টানা দুই হারে তলানিতে রয়েছে হাইতি।

সমালোচনার পর এমন দাপুটে জয় ব্রাজিলকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। বিশেষ করে কুনিয়া ও ভিনিসিয়ুসের পারফরম্যান্স বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য বড় আশার আলো হয়ে দেখা দিয়েছে সেলেসাও সমর্থকদের কাছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীমান্তে ১১ জনকে পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি

সীমান্তে ১১ জনকে পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি