সেতু ধসে বিপাকে দুই চা বাগানের ৮ হাজার বাসিন্দা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সেতু ধসে বিপাকে দুই চা বাগানের ৮ হাজার বাসিন্দা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
সেতু ধসে বিপাকে দুই চা বাগানের ৮ হাজার বাসিন্দা ছবির ক্যাপশন:

টানা কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ও কাপাই চা বাগানের সংযোগসড়কের একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে। রবিবার (২১ জুন) ও সোমবার (২২ জুন) রাতের প্রবল ঢলে সেতুর দুই প্রান্তের অ্যাপ্রোচ সড়ক এবং মাঝের অংশ ভেঙে যাওয়ায় এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সেতুটি ধসে পড়ায় দুটি চা বাগানের প্রায় ৮ হাজার মানুষের স্বাভাবিক যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। কাপাই চা বাগানের শিক্ষার্থীরা লস্করপুরে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে এই সেতু ব্যবহার করেই যাতায়াত করত। এখন তাদের শিক্ষা কার্যক্রমও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটি নির্মাণ করেছিল। দীর্ঘদিন ধরে এটি দুই চা বাগানের শ্রমিক, বাসিন্দা এবং পণ্য পরিবহনের একমাত্র ভরসা ছিল। বর্তমানে সেতুটি ভেঙে যাওয়ায় কাপাই চা বাগানের উৎপাদিত কাঁচা চা পাতা কারখানায় পৌঁছাতে অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহেদ আলী মাস্টার জানান, পাহাড়ি এলাকার পানি প্রবাহের কারণে সেতুর নিচের ছড়াটি ধীরে ধীরে বড় হয়ে নদীর আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় শেষ পর্যন্ত সেতুটি ধসে পড়ে।

লস্করপুর চা বাগানের ব্যবস্থাপক মো. সাজ্জাদুল হক বলেন, সেতুর মাঝের পিলারও ভেঙে গেছে। ফলে এটি মেরামত করে ব্যবহার উপযোগী করা সম্ভব নয়। নতুন সেতু নির্মাণই এখন একমাত্র কার্যকর সমাধান।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাশাপাশি দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপজেলা এলজিইডি কর্তৃপক্ষও নতুন সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ একই পরিবারের

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ একই পরিবারের