যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগ করার নির্দেশ দিয়েছে। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (২ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায় এই আহ্বান জানায়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশটিতে বড় ধরনের হামলা ঘটতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় বলা হয়, ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে।
সতর্কবার্তায় সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল ও বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ইরাকি সরকারি প্রতিষ্ঠান ও বেসামরিক জনগণও ঝুঁকির মধ্যে থাকতে পারে বলে জানানো হয়।
দূতাবাস আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন নাগরিকদের অপহরণের লক্ষ্যবস্তু করছে। দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার ঘটনাও এই সতর্কতার পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দিয়ে বলা হয়েছে, কোনোভাবেই নতুন করে ইরাকে ভ্রমণ না করার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে। যারা বর্তমানে সেখানে অবস্থান করছেন, তাদের যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে। তাই এমন সতর্কবার্তা আন্তর্জাতিক পরিস্থিতির ক্রমবর্ধমান ঝুঁকিরই প্রতিফলন।
কসমিক ডেস্ক