ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি কোনোভাবেই প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়াবে না। বিজয় এখন বিএনপির দ্বারপ্রান্তে, আর এই বিজয় যেন কেউ রুখে দিতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত এক গণজমায়েতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “বিএনপি প্রতিপক্ষের উসকানিতে পা দেবে না। কেউ উসকানিমূলক কথাবার্তা বা কর্মকাণ্ডে জড়িয়ে পড়বেন না। আমাদের লক্ষ্য একটাই—শান্তিপূর্ণভাবে নির্বাচনে জয়লাভ করা।” তিনি দাবি করেন, বিএনপির জনপ্রিয়তা দেখে একটি মহল অসৎ উদ্দেশ্যে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে আবারও পরাধীনতার দিকে ঠেলে দিতে চায়। তবে জনগণ ভোটের মাধ্যমেই তাদের এর উপযুক্ত জবাব দেবে। মির্জা আব্বাস বলেন, “১২ ফেব্রুয়ারির ভোটেই জনগণ দেখিয়ে দেবে কারা বাংলাদেশের পক্ষে, আর কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তার ভাষায়, যাদের নির্বাচনী রাজনীতির অভিজ্ঞতা নেই, তারাই আজ বিএনপিকে অপমান করার দুঃসাহস দেখাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তবে সেই প্রতিযোগিতা হতে হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। সংঘাত, কটূক্তি কিংবা বিশৃঙ্খলা বিএনপির রাজনীতির অংশ নয় বলে উল্লেখ করেন তিনি।
উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বর্তমানে কিছু ব্যক্তি এমন ভাষায় কথা বলছেন, যেখানে কোনো শালীনতা বা শ্রদ্ধাবোধ নেই। তিনি সতর্ক করে বলেন, “যারা বেয়াদবি করে রাজনীতি করতে চায়, তাদের পরিণতি ভালো হয় না।”
বক্তব্যের শেষাংশে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে ধৈর্য, শালীনতা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমেই জনগণের রায় প্রতিফলিত হবে এবং সেই রায় বিএনপির পক্ষেই যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কসমিক ডেস্ক