বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান ছবির ক্যাপশন:

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা ও যুব উন্নয়ন সহযোগিতা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। রোববার (২১ জুন) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই ফুটবল হস্তান্তর করেন।

পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তি এবং যুব উন্নয়ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ উদ্যোগের অগ্রগতি নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ডিজিটাল লার্নিং, শারীরিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি (অ্যাক্রিডিটেশন) ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করে।

সৌজন্য উপহারের অংশ হিসেবে শিয়ালকোটে তৈরি উচ্চমানের ১ হাজার ফুটবল বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এগুলো দেশের বিভিন্ন সরকারি স্কুলে বিতরণ করা হবে, যাতে শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়।

বিবৃতিতে আরও বলা হয়, শিয়ালকোট বিশ্বব্যাপী ফুটবল উৎপাদনের জন্য সুপরিচিত একটি কেন্দ্র। বিশেষ করে ‘ফরওয়ার্ড স্পোর্টস’ প্রতিষ্ঠানটি বিভিন্ন বিশ্বকাপের অফিসিয়াল বল যেমন ২০১৪ সালের ‘ব্রাজুকা’, ২০১৮ সালের ‘টেলস্টার’, ২০২২ সালের ‘আল-রিহলা’ এবং আসন্ন ২০২৬ বিশ্বকাপের ‘ট্রাইওন্ডা’ বল তৈরির সঙ্গে যুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাংলাদেশের তরুণদের শারীরিক শিক্ষা ও খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে এবং ফিটনেস সচেতনতা বৃদ্ধি করবে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই উপহারকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে শিক্ষা ও ক্রীড়া খাতে সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, এই ধরনের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি জনগণ-পর্যায়ের সংযোগ আরও শক্তিশালী করতে ভূমিকা রাখে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চীনে প্রবাসীদের আয়োজনে ডাকসু প্রতিনিধি দলের সংবর্ধনা

চীনে প্রবাসীদের আয়োজনে ডাকসু প্রতিনিধি দলের সংবর্ধনা