ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (Democratic Republic of the Congo) চলমান ইবোলা প্রাদুর্ভাবের শুরুতেই বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)।
শুক্রবার পূর্ব কঙ্গো থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে WHO-র জরুরি বিভাগের পরিচালক মারি রোজেলিন বেলিজায়ার জানান, গত ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭৫ জন স্বাস্থ্যকর্মী ইবোলায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, কঙ্গোতে স্বাস্থ্যকর্মীর সংখ্যা সীমিত হওয়ায় এই প্রাদুর্ভাব স্বাস্থ্যব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।
WHO-এর তথ্য অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ রোগীর শুরুতে রক্তক্ষরণের মতো ক্লাসিক লক্ষণ দেখা যায়নি। ফলে অনেকেই প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন বা স্থানীয় ঐতিহ্যবাহী চিকিৎসকদের কাছে গেছেন, যা সংক্রমণ আরও বাড়াতে ভূমিকা রেখেছে।
কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রায় ৯০০ জনের ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে, যার মধ্যে ২৩২ জন মারা গেছেন। সংক্রমণ তিনটি প্রদেশের ৩৩টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণের অনীহা ও ভুল ধারণা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক এলাকায় এখনও স্বাস্থ্যবিধি ও প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ নিতে অনীহা দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত সংক্রমণ শনাক্ত, টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি না করা গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
কসমিক ডেস্ক