২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মৃতি স্মরণ করে আবেগঘন একটি ফেসবুক পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৪ সালের ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে তোলা একটি ছবি প্রকাশ করে সে সময়ের অভিজ্ঞতা, ভয়, সাহস এবং ঐক্যের কথা তুলে ধরেন তিনি।
পোস্টে বাঁধন লিখেছেন, ছবিটি এমন একটি সময়ের স্মৃতি বহন করে, যা তাঁর জীবনকে চিরতরে বদলে দিয়েছে। তাঁর ভাষায়, যারা সেই সময়ের ঘটনাগুলো দূর থেকে দেখেছেন, তারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। তিনি উল্লেখ করেন, সেই সময়ে ভয় ও অনিশ্চয়তা যেমন বাস্তব ছিল, তেমনি মানুষের সাহস ও ঐক্যও ছিল বাস্তব।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরে অভিনেত্রী বলেন, তাঁদের সাহস ও দৃঢ়তা একটি জাতিকে নতুনভাবে অনুপ্রাণিত করেছিল। পোস্টে তিনি লিখেছেন, “আমি ছাত্র-ছাত্রীদের চিরকাল স্যালুট জানাব। তারাই একটি জাতিকে জাগিয়ে তুলেছিল, অপরিচিতদের একত্রিত করেছিল এবং আমাদের মনে করিয়ে দিয়েছিল যে আশা ভয়ের চেয়েও জোরালো হতে পারে।”
বাঁধন আরও জানান, ২০২৪ সালের ৩ আগস্ট তিনি শহীদ মিনারে উপস্থিত হয়ে বাংলাদেশের জনগণ এবং শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন। আজ সেই ছবির দিকে তাকালে তিনি শুধু একটি স্থির মুহূর্ত দেখেন না; বরং সেই সময়ের কণ্ঠস্বর, রাজপথের আবহ এবং মানুষের সম্মিলিত বিশ্বাসের স্মৃতিও অনুভব করেন।
সামাজিক মাধ্যমে পোস্টটি প্রকাশের পর তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে জুলাই আন্দোলনের স্মৃতি ভাগাভাগি করেছেন, আবার অনেকে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন।
বাঁধনের এই পোস্ট নতুন করে জুলাই আন্দোলনের স্মৃতি সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভূমিকা, সাহস এবং ঐক্যের প্রতি তাঁর প্রকাশ্য শ্রদ্ধা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
কসমিক ডেস্ক