নির্বাচনে সহিংসতা হলে প্রস্তুতি বোঝা যাবে সেদিনই: স্বরাষ্ট্র উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনে সহিংসতা হলে প্রস্তুতি বোঝা যাবে সেদিনই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
নির্বাচনে সহিংসতা হলে প্রস্তুতি বোঝা যাবে সেদিনই: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন:

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম বলেছেন, নির্বাচনের দিনে যদি কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটে, তাহলে ওই দিনই বোঝা যাবে প্রশাসনের কী ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, সব বিষয় জনসমক্ষে প্রকাশ করা সম্ভব নয়, কারণ নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয় গোপন রাখতেই হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এদিন ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার রিটার্নিং কর্মকর্তা ছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সেনাবাহিনী, কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, পুলিশ এবং আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। সভায় আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। তিনি দাবি করেন, এবারের নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে, তা আগের কোনো নির্বাচনে করা হয়নি। পর্যাপ্ত সংখ্যক বাহিনী মাঠে থাকার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, অতীতের নির্বাচনগুলোতে যে পরিমাণ সহিংসতার ঘটনা ঘটেছে, তার তুলনায় এবার এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সহিংসতা দেখা যায়নি। তিনি বলেন, ‘আল্লাহ দিলে এখন পর্যন্ত তেমন কোনো সহিংসতার ঘটনা নাই। আশা করবো সামনেও হবে না।’ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

নির্বাচনের দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের উদ্বেগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশাসন সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তবে নিরাপত্তা কৌশল ও প্রস্তুতির সব দিক জনসমক্ষে প্রকাশ করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

আরেক প্রশ্নের জবাবে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। সাংবাদিকদের কাজের ক্ষেত্রে কোনো বিভ্রান্তি থাকার কথা নয় বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

আসন্ন নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগাসাকি উপকূলে চীনা নৌযান আটক করল জাপান

নাগাসাকি উপকূলে চীনা নৌযান আটক করল জাপান