সড়ক দখল করে ক্যাম্প, এনসিপির প্রার্থীসহ দুইজনকে জরিমানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সড়ক দখল করে ক্যাম্প, এনসিপির প্রার্থীসহ দুইজনকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
সড়ক দখল করে ক্যাম্প, এনসিপির প্রার্থীসহ দুইজনকে জরিমানা ছবির ক্যাপশন:
ad728

নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটী মোড়ে প্রধান সড়ক দখল করে নির্বাচনী ক্যাম্প স্থাপনের দায়ে এনসিপির প্রার্থীসহ দুই প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেলা প্রশাসন নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—এনসিপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের শাপলা কলি প্রতীকের প্রতিনিধি এবং স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের হরিণ প্রতীকের প্রতিনিধি।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, পঞ্চবটী মোড়ে সড়কের ওপর অবৈধভাবে নির্বাচনী ক্যাম্প স্থাপন করে জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।

অভিযানকালে দেখা যায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৩(ঘ) ধারা লঙ্ঘন করে প্রধান সড়কের ওপর ক্যাম্পগুলো স্থাপন করা হয়েছে। এ অপরাধে আচরণবিধিমালার ২৭ ধারা অনুযায়ী পৃথক দুটি মামলায় উভয় প্রার্থীর প্রতিনিধিকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনদুর্ভোগ এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘আইন অমান্য করে সড়কের ওপর ক্যাম্প স্থাপন করায় এই জরিমানা করা হয়েছে।’

তিনি আরও জানান, জরিমানার পর সংশ্লিষ্ট প্রার্থীদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে ক্যাম্প সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন এবং ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রতিনিধিদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৌলতপুর সীমান্তে মসুর ক্ষেতে মিলল দুটি পিস্তল ও তাজা গুলি

দৌলতপুর সীমান্তে মসুর ক্ষেতে মিলল দুটি পিস্তল ও তাজা গুলি