১৪ হাজারের পর আরও ১৬ হাজার কর্মী কমাচ্ছে অ্যামাজন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১৪ হাজারের পর আরও ১৬ হাজার কর্মী কমাচ্ছে অ্যামাজন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
১৪ হাজারের পর আরও ১৬ হাজার কর্মী কমাচ্ছে অ্যামাজন ছবির ক্যাপশন:
ad728

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন বিশ্বজুড়ে আরও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় অঙ্কের বিনিয়োগ এবং সাংগঠনিক কাঠামো সহজ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই ছাঁটাই অ্যামাজনের আগে ঘোষিত ১৪ হাজার কর্মী কমানোর পরিকল্পনার ধারাবাহিক অংশ। সর্বশেষ সিদ্ধান্তের ফলে মোট ছাঁটাইয়ের সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছাতে পারে। গত বছরের অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনে এমন ইঙ্গিতই দিয়েছিল কোম্পানিটি। এতে অ্যামাজনের করপোরেট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যামাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গালেত্তি এক বিবৃতিতে বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো প্রতিষ্ঠানের ভেতরে ‘চাকরির অতিরিক্ত স্তর কমানো, দায়িত্ববোধ বাড়ানো এবং অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা দূর করা’। তিনি জানান, পরিবর্তিত ব্যবসায়িক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে আরও দক্ষ ও গতিশীল করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যামাজন জানিয়েছে, এই ছাঁটাই প্রক্রিয়া তাদের মোট প্রায় ১৫ লাখ কর্মীর বড় অংশ—বিশেষ করে ডিস্ট্রিবিউশন ও ওয়্যারহাউস কর্মীদের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। মূলত প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট পদগুলোতেই ছাঁটাই বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন বিভাগ থেকে কতজন কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকদের জন্য প্রতিটি টিমের উদ্ভাবনী সক্ষমতা ও কার্যকারিতা মূল্যায়ন করা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। একই সঙ্গে যেখানে সম্ভব, সেখানে ছাঁটাই হওয়া কর্মীদের জন্য নতুন পদে নিয়োগের সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানিয়েছে অ্যামাজন।

আগামী ৫ ফেব্রুয়ারি অ্যামাজন তাদের ২০২৫ অর্থবছরের পূর্ণাঙ্গ আর্থিক ফল প্রকাশ করবে। এর আগে গত অক্টোবরের ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছিল, পরিকল্পিত কর্মী ছাঁটাইয়ের জন্য ক্ষতিপূরণ বাবদ প্রায় ১৮০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে।

এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রযুক্তি খাতে চলমান বৃহত্তর প্রবণতারই অংশ। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রশাসনিক ও ব্যবস্থাপনা পর্যায়ের পদ কমিয়ে আনার দিকে ঝুঁকছে। গত জুলাইয়ে মাইক্রোসফট বিশ্বজুড়ে প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়, যা তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ৪ শতাংশ।

এ ছাড়া ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও গত এক বছরে একাধিক ধাপে কর্মী ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মহামারির সময় অতিরিক্ত নিয়োগের ভার কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই ধারায় নেদারল্যান্ডসভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এএসএমএল, এইচপি ও ওরাকলও সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

অ্যামাজনও অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ব্যাপক বিনিয়োগ করছে। বিশেষ করে তাদের সহযোগী প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ওপর ভরসা বাড়াচ্ছে কোম্পানিটি। বৈশ্বিক ক্লাউড বাজারে এডব্লিউএস বর্তমানে মাইক্রোসফট আজুর ও গুগল ক্লাউডের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ল ৩ লাখ হেক্টর বনভূমি

অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ল ৩ লাখ হেক্টর বনভূমি