বিএনপিকে নিয়ে তথাকথিত নব্য সংস্কারবাদীদের অপপ্রচার বিস্ময়কর বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন ধারাবাহিকভাবে রাষ্ট্র সংস্কারের পক্ষে আন্দোলন ও অবস্থান নিয়েছে, তখন যারা একবারের জন্যও সংস্কারের কথা বলেনি, তারাই আজ বড় বড় সংস্কারমূলক বক্তব্য দিচ্ছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন এসব কথা বলেন।
তিনি বলেন, সংস্কারের জনক, ধারক ও বাহক বিএনপিকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত এবং জনগণকে বিভ্রান্ত করার কৌশল মাত্র। তার ভাষায়, বিএনপি বিশ্বাস করে জনগণের ক্ষমতায়ন ও ভোটাধিকারের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
মাহদী আমিন বলেন, বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সুস্পষ্ট ও ধারাবাহিক অবস্থান নিয়েছে। ২০১৬ সালে জাতির সামনে ভিশন–২০৩০ উপস্থাপন করে বিএনপি। পরে ২০২২ সালে ২৭ দফা এবং ২০২৩ সালে আরও বিস্তৃত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়।
তিনি আরও বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রস্তাব সর্বপ্রথম বিএনপিই জাতির সামনে এনেছে। একইভাবে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার বিষয়টিও বিএনপিরই প্রস্তাব। ২০১৪ সালেই তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে ৫ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব দেন বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এই ধারাবাহিক সংস্কার দর্শনের অংশ হিসেবেই বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। দলের শীর্ষ নেতৃবৃন্দ ইতোমধ্যেই বিষয়টি একাধিকবার স্পষ্ট করেছেন বলে তিনি উল্লেখ করেন।
এ সময় মাহদী আমিন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। সূচি অনুযায়ী, বেলা ১১টায় তিনি আকাশপথে ঢাকা থেকে বরিশালে যাবেন এবং দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এরপর দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সমাবেশ শেষে তিনি ঢাকায় ফিরে আসবেন।