ইসলাম লালন করি, বিক্রি করি না—নির্বাচনী সভায় শামা ওবায়েদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইসলাম লালন করি, বিক্রি করি না—নির্বাচনী সভায় শামা ওবায়েদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
ইসলাম লালন করি, বিক্রি করি না—নির্বাচনী সভায় শামা ওবায়েদ ছবির ক্যাপশন:
ad728

ইসলাম ও ধর্ম কোনো বিক্রির পণ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, একজন মুসলমান হিসেবে ফজর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত ইসলামকে ধারণ ও লালন করা হয়, কিন্তু ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অপরাধ।

শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হোড়েরকান্দী মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি বলেন, দল-মত কিংবা ধর্ম-বর্ণের বিভেদ না করে সবাইকে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তার ভাষায়, দেশের মানুষ শান্তিতে ও ভালোভাবে থাকতে চায়, আর সেই প্রত্যাশা পূরণে ধানের শীষের কোনো বিকল্প নেই।

নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটের দিন সকাল থেকেই কেন্দ্র পাহারা দিতে হবে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবা যাবে না। তিনি বলেন, ধানের শীষের প্রতিটি ভোট তার কাছে অমূল্য এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।

উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, এই নির্বাচনে শুধু তিনি একা প্রার্থী নন, বরং উপস্থিত সবাই প্রার্থী। প্রত্যেককে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে এবং ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি তার বাবার ভূমিকার কথা স্মরণ করে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থাকবেন।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে রাস্তা-ঘাটের উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে তিনি এলাকার সড়ক অবকাঠামো, মাদরাসা ও মসজিদের উন্নয়নে কাজ করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, প্রতিটি ভোট তাকে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবে।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা সাহিদুজ্জামান সাহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুবদল নেতা মিরান হোসেন ও ইমরান হোসেন, ছাত্রদল নেতা সোহেল মাতুব্বরসহ স্থানীয় নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থান: মাদারীপুর ডিসির স্পষ্

নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থান: মাদারীপুর ডিসির স্পষ্