আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত ছবির ক্যাপশন:
ad728

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুস্তাকিম মিয়া (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম সায়দাবাদ গ্রামের সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে ‘হানিফ মাস্টার’ গ্রুপ ও ‘এরশাদ মিয়া’ গ্রুপের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে বালুচর গ্রাম থেকে এরশাদ মিয়া গ্রুপের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সায়দাবাদ গ্রামে হানিফ মাস্টার গ্রুপের সমর্থকদের ওপর হামলা চালায়।

হামলার সময় হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে এবং কয়েকটি বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় বসতবাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা কিশোর মুস্তাকিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

সংঘর্ষের সময় অগ্নিসংযোগে অন্তত চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। গ্রেপ্তার এড়াতে আহতদের অনেকেই বিভিন্ন বেসরকারি ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, নিহত মুস্তাকিমের শরীরের বাম পাশে গুলির স্পষ্ট চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের মা শাহানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলে কোনো দলের সঙ্গে জড়িত ছিল না। স্থানীয় সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চাইনা তার ছেলেকে গুলি করে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে সায়দাবাদ গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একপাক্ষিক অভিযানের সুযোগ নিচ্ছে প্রতিপক্ষ। তাদের দাবি, পুলিশ কেবল সায়দাবাদ গ্রামেই অভিযান চালানোর ফলে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। এই সুযোগে পাশের বালুচর গ্রামের সন্ত্রাসীরা হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ফাহমিদা নবী- জীবন, গান ও শিল্প-পরিচয়

ফাহমিদা নবী- জীবন, গান ও শিল্প-পরিচয়