ঋণখেলাপিদের জীবন দুর্বিষহ করতেই মাঠে নেমেছি: এনসিপি নেতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঋণখেলাপিদের জীবন দুর্বিষহ করতেই মাঠে নেমেছি: এনসিপি নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
ঋণখেলাপিদের জীবন দুর্বিষহ করতেই মাঠে নেমেছি: এনসিপি নেতা ছবির ক্যাপশন:
ad728

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তারা চাঁদাবাজ, টেন্ডারবাজ কিংবা ঋণখেলাপিদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসেননি। বরং ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেই তাদের এই রাজনৈতিক লড়াই।

রোববার রাতে রংপুরের কাউনিয়া আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটের আগের দিন যারা লুঙ্গি, শাড়ি কিংবা অগ্রিম টাকা নিয়ে ভোট কিনতে আসে, তাদের প্রত্যাখ্যান করতে হবে। একদিনের সুবিধার বিনিময়ে যদি কেউ দাসত্ব মেনে নেয়, তাহলে সেই দাসত্বের বোঝা পাঁচ বছর বইতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, এনসিপি টাকা, লুঙ্গি বা উপহার দিতে পারবে না। তবে জনগণ যদি মাত্র কয়েকদিন সময় দেন, তাহলে তারা আগামী পাঁচ বছর জনগণের জন্য কাজ করবেন।

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসাকে ইঙ্গিত করে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা লুঙ্গি ও শাড়ি দিয়ে ভোট কিনতে চান, তাদের দেখা যায় শুধু নির্বাচনের সময়। তাদের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই, কর্মসংস্থান বা উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে কোনো সুস্পষ্ট রূপরেখাও নেই বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, যারা মাদকের সঙ্গে যুক্ত এবং মাদক ব্যবসার ওপর নির্ভরশীল, তাদের কাছ থেকে সমাজের কল্যাণ আশা করা যায় না। তার ভাষায়, বিড়ির ধোঁয়ার সঙ্গে সঙ্গে মানুষের আস্থাও তাদের কাছ থেকে সরে গেছে।

বিএনপির বিরুদ্ধে ‘না’ ভোটের গোপন প্রচারণার অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, প্রকাশ্যে ‘হ্যাঁ’ বললেও গোপনে ভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। এই দ্বিচারিতা বন্ধ করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তার মতে, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই ক্ষমতার কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

জাতীয় পার্টিকে লক্ষ্য করে তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমেই দলটির রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে। ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক শক্তি যেখানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, সেখানে জাতীয় পার্টি বিপরীত অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির এটিএম আজম খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এর আগে রোববার বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুর অঞ্চলে এনসিপির নির্বাচনী কর্মসূচির সূচনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ ড্যানিশ এমপি

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ ড্যানিশ এমপি