আগামীকাল বিকেলের মধ্যে স্বাভাবিক হবে জ্বালানি তেলের সরবরাহ: পাম্প মালিক সমিতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আগামীকাল বিকেলের মধ্যে স্বাভাবিক হবে জ্বালানি তেলের সরবরাহ: পাম্প মালিক সমিতি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
আগামীকাল বিকেলের মধ্যে স্বাভাবিক হবে জ্বালানি তেলের সরবরাহ: পাম্প মালিক সমিতি ছবির ক্যাপশন:

আগামীকাল সোমবার বিকেলের মধ্যে সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন পেট্রোল পাম্প মালিকরা।

রোববার (১৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে অনেক ফিলিং স্টেশনে জ্বালানি তেল পৌঁছাতে শুরু করেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

নাজমুল হক বলেন, ‘আমি আশা করছি আগামীকাল সন্ধ্যার মধ্যে জ্বালানি তেলের কোনো ঘাটতি থাকবে না। ইতোমধ্যে অনেক পাম্পে তেল পৌঁছে গেছে এবং পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে।’

গত কয়েকদিন ধরে সারা দেশে যানবাহন চালকরা প্রয়োজনীয় জ্বালানি পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।

অনেক জায়গায় ফিলিং স্টেশনগুলোতে তেলের ঘাটতি দেখা দেওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছিল চালকদের।

পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের ওপর রেশনিং ব্যবস্থা চালু করেছিল।

তবে এই ব্যবস্থার পরও অনেক ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছিল না বলে অভিযোগ ওঠে।

এর মধ্যে সামনে ঈদুল ফিতর এবং ঘরমুখো মানুষের যাতায়াতের চাপ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার নতুন সিদ্ধান্ত নেয়।

রোববার থেকেই পেট্রোল, অকটেন ও ডিজেলের ওপর আরোপিত রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত তেলের কয়েকটি ট্যাঙ্কার পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আজ সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার বিষয়টি ঘোষণা করেন।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিলে গত ৬ মার্চ থেকে জ্বালানি সরবরাহে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করার ফলে এখন থেকে ফিলিং স্টেশনগুলো তাদের প্রয়োজন অনুযায়ী ডিপো থেকে তেল উত্তোলন করতে পারবে।

এর ফলে খুব দ্রুতই বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপির হেভিওয়েট নেতাদের অনেকেই নতুন মন্ত্রিসভায় স্থান পাননি

বিএনপির হেভিওয়েট নেতাদের অনেকেই নতুন মন্ত্রিসভায় স্থান পাননি