ভোররাতে ফরিদপুরে ধানের শীষের প্রচার ক্যাম্পে আগুন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোররাতে ফরিদপুরে ধানের শীষের প্রচার ক্যাম্পে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
ভোররাতে ফরিদপুরে ধানের শীষের প্রচার ক্যাম্পে আগুন ছবির ক্যাপশন:
ad728

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা নির্বাচনী ক্যাম্পটিতে আগুন লাগিয়ে দেয়। এতে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় পুড়ে যায়। ভোরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রাজা শেখ জানান, ফজরের নামাজ শেষে মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে তিনি ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরে দ্রুত স্থানীয়দের খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সময়মতো আগুন নেভানো না গেলে আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে পড়তে পারত বলে তিনি জানান।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তাদের দাবি, এটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার একটি অপচেষ্টা। একই সঙ্গে তারা অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ফরিদপুর সদর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের কাছে দেওয়া হয়েছে এবং সেগুলো যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে দেখছেন ইরফান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে দেখছেন ইরফান