মাঠপর্যায়ের দায়িত্বই নির্ধারণ করবে ১৭ বছরের আন্দোলনের ফল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাঠপর্যায়ের দায়িত্বই নির্ধারণ করবে ১৭ বছরের আন্দোলনের ফল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
মাঠপর্যায়ের দায়িত্বই নির্ধারণ করবে ১৭ বছরের আন্দোলনের ফল ছবির ক্যাপশন:
ad728

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নিয়োজিত নেতাকর্মীদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকারের জন্য যে সংগ্রাম চলছে, তার ফল ভালো হবে না খারাপ—তা পুরোপুরি নির্ভর করছে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকার ওপর।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রশিক্ষণ সভায় এসব কথা বলেন তিনি। ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য দিতে গিয়ে আবদুস সালাম বলেন, এই নির্বাচনের জন্য বহু নেতাকর্মী কারাবরণ করেছেন এবং নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। সেই ত্যাগের মর্যাদা রাখতে ভোটের দিন ও তার আগের প্রস্তুতিতে কোনো ধরনের গাফিলতি চলবে না।

তিনি বলেন, মাঠে দায়িত্ব পালনকারী প্রত্যেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সে দায়িত্ববোধ নিয়েই সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, কেন্দ্র অনুযায়ী ভোটার তালিকা ভাগ করে প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে পরিচয় নিশ্চিত করা জরুরি। এতে মৃত বা অনুপস্থিত ভোটারের নামে ভোট দেওয়ার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ ও চ্যালেঞ্জ করা সম্ভব হবে। কোন ভোটার মারা গেছেন, কে বিদেশে আছেন বা দীর্ঘদিন এলাকায় নেই—এসব তথ্য আগেই চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।

ভোটের দিন কোনো অবস্থাতেই পোলিং বুথ খালি রাখা যাবে না বলেও কড়া নির্দেশনা দেন বিএনপির এই নেতা। দায়িত্বপ্রাপ্ত কেউ প্রয়োজনে বাইরে গেলে বিকল্প দায়িত্বশীল কর্মী রেখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে একাধিক দায়িত্বশীল ও স্ট্যান্ডবাই কর্মী রাখার বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় কাগজপত্র, কলম, কালি ও অন্যান্য সরঞ্জাম সংশ্লিষ্ট দপ্তর থেকে সরবরাহ করা হবে। ভোটের দিনের জন্য আলাদা ভোটার তালিকাও দেওয়া হবে। বাকি সময় গণসংযোগে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আবদুস সালাম বলেন, দেওয়া প্রশিক্ষণ মাঠে যথাযথভাবে কাজে লাগাতে পারলে ইনশাআল্লাহ প্রত্যাশিত ফল অর্জন সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক