বিশ্বকাপ কাভার করা থেকে বঞ্চিত বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ কাভার করা থেকে বঞ্চিত বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
বিশ্বকাপ কাভার করা থেকে বঞ্চিত বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা ছবির ক্যাপশন:
ad728

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে এক অস্বস্তিকর ও বিতর্কিত পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাংলাদেশ দলকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত না করার পাশাপাশি দেশের সব ক্রীড়া সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) আইসিসির পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ক্রীড়া সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানানো হয়। বার্তায় বলা হয়, যেহেতু বাংলাদেশ দল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তাই বাংলাদেশের সাংবাদিকদের ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে টুর্নামেন্ট কাভার করার জন্য কোনো ধরনের মিডিয়া স্বীকৃতিপত্র দেওয়া হবে না।

আইসিসির এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, বিশ্বকাপ কাভার করা শুধু নিজ দেশের দলের ওপর নির্ভরশীল নয়; বরং এটি একটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট, যেখানে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করার অধিকার সবারই থাকা উচিত।

প্রাথমিক সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। সেই সূচি অনুসারে দেশের বিভিন্ন গণমাধ্যম থেকে সাংবাদিকরা আইসিসির নির্ধারিত সময়ের মধ্যেই মিডিয়া অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন। শুধু বাংলাদেশ দলের ম্যাচ নয়, পুরো বিশ্বকাপ কাভার করার প্রস্তুতিও অনেকেই সম্পন্ন করেছিলেন।

অনেকে ইতোমধ্যে ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা ও অন্যান্য প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। তবে আইসিসির এই সিদ্ধান্তে সব প্রস্তুতি অনিশ্চয়তার মুখে পড়েছে।

এ বিষয়ে ক্রীড়া সাংবাদিকদের একটি অংশ মনে করছেন, বাংলাদেশ দল খেলুক বা না খেলুক—বিশ্বকাপ কাভার করার ক্ষেত্রে বাংলাদেশের সাংবাদিকদের আগ্রহ ও উপস্থিতি বরাবরই গুরুত্বপূর্ণ ছিল। অতীতেও এর ব্যতিক্রম হয়নি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি ছিল। এমনকি ১৯৯৯ সালের আগেও, যখন বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়নি, তখনও আন্তর্জাতিক ক্রিকেট আসর কাভার করতে বিদেশে গিয়েছিলেন দেশের সাংবাদিকরা।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন, ভারত শুধু খেলোয়াড়দের জন্য নয়, বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ। সেই মন্তব্যের প্রেক্ষাপটেও আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ক্রিকেট বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ ও আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। সে কারণেই প্রায় সব বড় গণমাধ্যম নিয়মিতভাবে প্রতিনিধি পাঠিয়ে এই বৈশ্বিক আসর কাভার করে থাকে। তবে এবার বাংলাদেশ দল না থাকলেও সাংবাদিকদের ওপর আইসিসির এমন নিষেধাজ্ঞা ক্রীড়াঙ্গনে ব্যাপক অসন্তোষ ও প্রশ্নের জন্ম দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের ঐকমত্যে শাকসু নির্বাচনের দিন পুনর্নির্ধারণ, পু

শিক্ষার্থীদের ঐকমত্যে শাকসু নির্বাচনের দিন পুনর্নির্ধারণ, পু