জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। এর মধ্যেই চট্টগ্রামের পটিয়া আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
গত সোমবার পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে ধানের শীষের প্রার্থী এনামুল হক এনামের সঙ্গে নির্বাচনি প্রচারণায় দেখা যায় একই ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও ব্যবসায়ী শফিউল আলম বাদশাকে। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইছেন—এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। সমালোচকদের দাবি, আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান না করেই এভাবে প্রচারণায় অংশ নেওয়া রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। উল্লেখ্য, শফিউল আলম বাদশা অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং পটিয়ার সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবেও এলাকায় পরিচিত।
এ ঘটনায় বিএনপির ভেতর থেকেও আপত্তি উঠেছে। দলটির একাধিক নেতা বলেন, সুদিন দেখেই অনেকে বিএনপির ঘাড়ে চেপে বসতে চাইছেন, যা দলের জন্য অশনিসংকেত হতে পারে। তাদের মতে, ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে নতুনদের প্রাধান্য দিলে ভবিষ্যতে দলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
এ বিষয়ে শফিউল আলম বাদশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি একজন ব্যবসায়ী এবং সবার সঙ্গে চলাফেরা করতেই হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়টি জানতে চাইলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।
এই ঘটনাকে ঘিরে পটিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।