মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা এবং জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে বিএনপির ২২ জন নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগকারীদের মধ্যে গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিবও রয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাটসংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের বিষয়টি জানান গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক। তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসন (মুন্সীগঞ্জ সদর, শহর, গজারিয়া ও মীরকাদিম পৌরসভা) অন্তর্ভুক্ত ৭৮টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে মতামত দিলেও সেই মতামত উপেক্ষা করে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, একই সঙ্গে জেলা বিএনপির জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা মহিউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মুহাম্মদ মজিবুর রহমানসহ মোট ১৩ জন নেতাকে বহিষ্কারের ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তাঁরা দলীয় পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার ও ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পদত্যাগের তালিকায় রয়েছেন। যুবদল ও মৎস্যজীবী দলের একাধিক নেতাও পদত্যাগ করেছেন বলে জানানো হয়।
এ সময় আরও বলা হয়, আগামী দিনগুলোতে গজারিয়া উপজেলায় বিএনপির আরও অর্ধশতাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করতে পারেন। ইতোমধ্যে গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদসহ বিএনপির ১৩ জন নেতাকর্মীকে বিভিন্ন পদ থেকে বহিষ্কার করা হয়।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধারাবাহিক এই বহিষ্কার ও পদত্যাগের ঘটনায় গজারিয়াসহ মুন্সীগঞ্জ জেলার বিএনপির রাজনীতিতে নতুন করে অস্থিরতা ও বিভাজন সৃষ্টি হয়েছে।
কসমিক ডেস্ক