ঈদের কেনাকাটায় এসে দুর্ঘটনা, স্বামীর চোখের সামনে স্ত্রীর মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদের কেনাকাটায় এসে দুর্ঘটনা, স্বামীর চোখের সামনে স্ত্রীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
ঈদের কেনাকাটায় এসে দুর্ঘটনা, স্বামীর চোখের সামনে স্ত্রীর মৃত্যু ছবির ক্যাপশন:

ঈদের কেনাকাটা করতে স্বামীর সঙ্গে বাজারে এসে কুমিল্লার দাউদকান্দি পৌরবাজারে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। রোববার (১৫ মার্চ) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নারী শাহিনা আক্তার (৩৫)। তিনি দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপেচর গ্রামের সাহাবুদ্দীনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা প্রায় ১২টা ১৫ মিনিটের দিকে ঈদের কেনাকাটা শেষে স্বামী সাহাবুদ্দীনের সঙ্গে দাউদকান্দি পৌরবাজারে হলুদ ও মরিচ ভাঙাতে যান শাহিনা আক্তার। তারা বাজারের মনির হোসেনের দোকানে যান, যেখানে হলুদ-মরিচ ভাঙানোর একটি মেশিন চালু ছিল।

এ সময় মেশিনটি চালু থাকা অবস্থায় একপর্যায়ে শাহিনা আক্তারের পরনের বোরখা মেশিনের চেইনের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি ভারসাম্য হারিয়ে মেশিনের চাকার ভেতরে ঢুকে পড়েন।

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, এতে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই পুরো বাজারে আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়।

নিহতের স্বামী সাহাবুদ্দীন জানান, তারা হলুদ ভাঙাতে দোকানে গিয়েছিলেন। তার স্ত্রী মেশিনের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনি স্ত্রীর কাছ থেকে ‘উফ’ শব্দ শুনতে পান। মুহূর্তের মধ্যে তাকিয়ে দেখেন তার স্ত্রীর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে।

তিনি বলেন, সেই দৃশ্য দেখে তিনি বাকরুদ্ধ হয়ে যান এবং কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘটনা ঘটে যায়।

প্রত্যক্ষদর্শী বাজারের ব্যবসায়ী তৌফিক রুবেল জানান, তিনি দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একজন নারীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুতের লাইন বন্ধ করে দেন।

তবে প্রথমে তিনি বুঝতে পারেননি যে ওই নারীর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে পুরো ঘটনাটি বুঝতে পেরে তিনি হতবাক হয়ে যান বলে জানান।

নিহতের দেবর আতাউর রহমান বলেন, বাজারে এসে হলুদ ভাঙার মেশিনে পেঁচিয়ে তার ভাবির মৃত্যু হয়েছে। তিনি জানান, শাহিনা আক্তারের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। এ ঘটনায় পুরো পরিবারে শোকের মাতম চলছে।

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানায় নিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি তদন্ত মো. সামছুল আলম প্রধান জানান, ঘটনাটি থানার প্রায় ৩০০ গজ দূরে ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স