ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ঘরে ফেরার জন্য অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একবার ক্ষমতায় বসে নানা কৌশলে চেয়ার আঁকড়ে ধরে রাখার একটি দুঃখজনক প্রবণতা দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে অন্তর্বর্তী সরকার সে পথ অনুসরণ করেনি। তিনি বলেন, “যেদিন দায়িত্ব নিয়েছি, সেদিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ঘরে ফেরার জন্য প্রস্তুত।”
তিনি জানান, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট স্যারেন্ডার করেছেন। এটি সরকারের বিদায়ের মানসিক প্রস্তুতিরই প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।
ড. খালিদ হোসেন বলেন, সরকার একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন, তাদের কাছেই দায়িত্ব হস্তান্তর করা হবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
আসন্ন নির্বাচন ও গণভোট প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাশ হলে ভবিষ্যতে দেশে আর কোনো স্বৈরতান্ত্রিক শাসনের জন্ম হবে না। এতে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, গণভোটে ইতিবাচক ফল এলে দেশকে উন্নয়নের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এজন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ, বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার এবং ধর্ম সচিব মো. কামাল উদ্দিন। সভায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক