বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার। তার সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়। ওই বৈঠকে দাঁড়িপাল্লা প্রতীকের উত্তরীয় পরিয়ে ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে মাহাবুব মাস্টারসহ যোগদানকারীদের জামায়াতে ইসলামীতে বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৭৭ সালে সপ্তম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে ১৯৭৯ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে সক্রিয়ভাবে বিএনপির সঙ্গে যুক্ত হন এবং প্রায় চার দশক দলটির রাজনীতিতে যুক্ত ছিলেন।
বিএনপির বর্তমান অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এক সময় মা, মাটি ও মানুষের দল হিসেবে পরিচিত বিএনপি এখন আর সেই আদর্শে নেই। তার ভাষ্যমতে, বিএনপি বর্তমানে চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের সঙ্গে জড়িতদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে, যা তাকে নতুন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে তিনি একটি আদর্শভিত্তিক দল হিসেবে দেখেন, যেখানে চাঁদাবাজি, দখলদারি কিংবা মাদক সংশ্লিষ্টতার সুযোগ নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় দলটির ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সত্যের পক্ষে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
মাহাবুব মাস্টারের সঙ্গে যারা জামায়াতে ইসলামীতে যোগ দেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পৌর শ্রমিকদলের সভাপতি ইদ্রিস মল্লিক, পৌর কৃষকদলের সদ্য পদত্যাগী আহ্বায়ক আব্দুল গাফ্ফার হোসেন, ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার নুরুজ্জামান, উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাঞ্চন তালুকদার, বিশারকান্দি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম মিয়া এবং বাউফল বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মশিউর রহমান সোহাগসহ আরও অনেকে।
বাইশারী কেন্দ্রীয় নুরাণী ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আতিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান।
এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক