আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আরব গ্রোথ গ্রুপ (এজিজি)-এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আরব–বাংলাদেশ জয়েন্ট বিজনেস সেন্টার। রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত বে অব বেঙ্গলস বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২৬ উপলক্ষে এই যৌথ বিজনেস সেন্টারের উদ্বোধন করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে আরব বিশ্বের বিভিন্ন দেশ—বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও মিশরসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে বাংলাদেশের উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং বিনিয়োগকারীদের মধ্যে একটি কার্যকর, টেকসই ও প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক সংযোগ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরব–বাংলাদেশ জয়েন্ট বিজনেস সেন্টার দ্বিপাক্ষিক বিনিয়োগ, বাণিজ্য সহযোগিতা, স্টার্টআপ উন্নয়ন, এসএমই সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে কাজ করবে। পাশাপাশি এটি নীতিগত পরামর্শ, বাজার গবেষণা, বিজনেস ম্যাচমেকিং, ইনকিউবেশন ও অ্যাক্সিলারেশন সেবাও প্রদান করবে।
এই জয়েন্ট বিজনেস সেন্টারের আওতায় আরব গ্রোথ গ্রুপ-এর একাধিক স্বনামধন্য পোর্টফোলিও প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে মিয়াসা ইনকিউবেটর অ্যান্ড অ্যাক্সিলারেটর সেন্টার, ফার্মমেশ বাংলাদেশ, ডকভার গ্লোবাল, দিগন্ত ইন্টারনাল অডিট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফার্ম, বাংলাদেশ ভিশন ফর এক্সপো অ্যান্ড কনফারেন্স, জোভো ভেঞ্চার ল্যাব, ইন্টারন্যাশনাল এসএমই সার্ভিস প্রোভাইডার এবং ওয়াসলসহ অন্যান্য প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান কৃষি, ফিনটেক, রিয়েল এস্টেট, হসপিটালিটি, অডিট ও ইঞ্জিনিয়ারিং, এক্সপো ও কনফারেন্স ম্যানেজমেন্ট, এসএমই সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও সাপ্লাই চেইন খাতে সমন্বিত সেবা প্রদান করবে।
অনুষ্ঠানে আরব গ্রোথ গ্রুপ-এর ভাইস প্রেসিডেন্ট মাহামুদ হাছান বলেন, “আরব–বাংলাদেশ জয়েন্ট বিজনেস সেন্টার কেবল একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম নয়, এটি দুই অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা, উদ্ভাবন এবং বিনিয়োগ সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার একটি কৌশলগত উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে এই সেন্টার আরব ও বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি নির্ভরযোগ্য গেটওয়ে হিসেবে কাজ করবে।”
তিনি আরও জানান, ২০২৫ সালে মিয়াসা ইনকিউবেটর অ্যান্ড অ্যাক্সিলারেটর সেন্টার এবং জোভো টিম লিমিটেড-এর একটি পোর্টফোলিও প্রতিষ্ঠান আরব গ্রোথ গ্রুপ-এর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে গ্রুপটির কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে। এর ফলে সৌদি আরব, লেবাননসহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সহযোগিতা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরব গ্রোথ গ্রুপ-এর পক্ষে বিজনেস ডিরেক্টর হারুন অর রশিদ, ডিরেক্টর জাহিদুল ইসলাম, মেন্টরসহ একাধিক জ্যেষ্ঠ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এই উদ্যোগটি ফেডারেশন অব ইউরেশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়া, বাংলাদেশ স্টার্টআপ গবেষণা ও উন্নয়ন, প্যাসিফিক–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ মহিলা বাণিজ্য ও ব্যবসা পরিষদ, গ্লোবাল স্টার্টআপ কাউন্সিল, এডিএন সেমিকন্ডাক্টর, এবি করপোরেশন, জোভো টিম লিমিটেড, নেটওয়ার্ক ফিনটেক, ডিলপে এশিয়া, ওয়ার্ল্ড এসএমই ইনডেক্স, ফিনটেক অ্যাসেম্বলি অব বাংলাদেশ, মুরাদ আল মাসিয়াহ কোম্পানি, পালাউ–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নিয়ামাহ এবং ডিসিআইএফসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে সংযুক্তকরণ এবং আরব দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।