কারা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কারা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
কারা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব ছবির ক্যাপশন:
ad728

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় কারা প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার সংরক্ষণ করে সংশোধিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে ফিরিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কারাবন্দিদের প্রতি মানবিক আচরণ, ন্যায্য সুযোগ-সুবিধা, বৈষম্যহীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা শুধু আইনগত বাধ্যবাধকতা নয়, এটি রাষ্ট্রের নৈতিক অবস্থানকেও প্রতিফলিত করে। তাই কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রশিক্ষিত, দক্ষ ও মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন কারারক্ষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কারাগার একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এটি দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। বিচারব্যবস্থার মাধ্যমে অপরাধীদের নিরাপদ আটক, অপরাধ দমন, সংশোধন এবং সামাজিক পুনর্বাসনের পুরো প্রক্রিয়ায় কারা প্রশাসনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কারা প্রশাসন গঠনে কারারক্ষীদের দায়িত্ব অপরিসীম। দেশপ্রেমের মহান দায়িত্বকে ধারণ করে নবীন কারারক্ষীরা সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এটি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে।

তিনি বলেন, কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করেন, তাহলে তিনি শুধু আইন ভাঙেন না, বরং রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করেন। কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নন; তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। তাই জনকল্যাণই তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য সেরা মহিলা কারারক্ষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় মহিলা কারারক্ষীরা বিভিন্ন শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করেন।

উল্লেখ্য, ৬৩তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে ড্রিলে প্রথম স্থান অধিকার করেন লিজা খাতুন, পিটিতে প্রথম হন রায়হানা আক্তার সুবর্ণা, আন আর্মড কম্ব্যাটে প্রথম হন জুথি পারভীন এবং ফায়ারিংয়ে প্রথম স্থান অর্জন করেন মানসুরা। একাডেমিসহ সর্ববিষয়ে প্রথম স্থান অধিকার করেন রায়হানা আক্তার সুবর্ণা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কটূক্তির জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার সময় দিল বিএনপি

কটূক্তির জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার সময় দিল বিএনপি