কুমিল্লার লাকসাম উপজেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে বিএনপির এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ ভান্ডারি (৫০) লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামের বাসিন্দা এবং বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ইউসুফ ভান্ডারি বিএনপির প্রার্থী মো. আবুল কালামের পক্ষে মাইকিং করে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। প্রচারণা চলাকালে সন্ধ্যার দিকে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর শোকের অনুভূতি দেখা গেছে।
এ বিষয়ে ওই গ্রামের গুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছেলে, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সাধারণ সম্পাদক এবং লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির রাতুল বলেন, ইউসুফ ভান্ডারি ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি অত্যন্ত সদালাপী ও কর্মীবান্ধব মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী গভীরভাবে মর্মাহত।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছিল। বিএনপির স্থানীয় নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কসমিক ডেস্ক