পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য-সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামের আবাসন এলাকায় অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকের এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই আল্টিমেটাম দেন।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইন্দুরকানী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল হাই একটি সভায় তারেক রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
উঠান বৈঠকে বক্তব্যে এস এম সাইদুল ইসলাম কিসমত ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কটূক্তিকারীকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। পাশাপাশি তিনি পিরোজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদীর কাছে বিষয়টির সুষ্ঠু বিচার দাবি করেন।
তিনি বলেন, একজন উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতা কীভাবে বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে এমন রুচিহীন ও অবমাননাকর মন্তব্য করতে পারেন—তা বোধগম্য নয়।
বক্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জামায়াত নেতাকে জাতির সামনে এবং ইন্দুরকানী উপজেলার জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, জেলা কৃষকদলের সভাপতি বাচ্চু, যুবদল নেতা রিয়াজ সরদার, উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান, শ্রমিক দলের সভাপতি আবুল কালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।