পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত, ইসির সিদ্ধান্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত, ইসির সিদ্ধান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 9, 2026 ইং
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত, ইসির সিদ্ধান্ত ছবির ক্যাপশন:

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে জানান, আপিল বিভাগের নির্দেশ অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেটে সাঁথিয়া উপজেলার পুরো এলাকা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে ১৮ ডিসেম্বর রুল যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয়।

হাইকোর্টের রায়ে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেটের সংশ্লিষ্ট অংশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার দুটি সংসদীয় আসন আগের অবস্থায় পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে পুরো সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌরসভাসহ বেড়া উপজেলার চারটি ইউনিয়ন—হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা—নিয়ে পাবনা-১ আসন গঠিত হয়। অপরদিকে, বেড়া উপজেলার অবশিষ্ট পাঁচটি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

এই সীমানা জটিলতা ও আদালতের আদেশের কারণে শেষ পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উজানচর ভূমি অফিসে রহস্যজনক ভাঙচুর

উজানচর ভূমি অফিসে রহস্যজনক ভাঙচুর