একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড-জামায়াত আমির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড-জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড-জামায়াত আমির ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, “একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড—এই দুটো একসঙ্গে চলতে পারে না।” তিনি বলেন, যাদের হাতে মা-বোনেরা এখন নিরাপদ নন, তারা ভবিষ্যতে কী ধরনের সমাজ গড়বে, তা সহজেই অনুমেয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা—এই প্রতীকের মতোই ন্যায়বিচারে কোনো কমবেশি করা হবে না। “যার যা প্রাপ্য, তা মেপে বুঝিয়ে দেওয়া হবে,”—এমন প্রতিশ্রুতি দেন তিনি।

যশোরের উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। পাশাপাশি মেডিকেল কলেজের সম্প্রসারণ, জেনারেল হাসপাতালের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার শক্তিশালীকরণ এবং ভৌত অবকাঠামোর আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে এসব উন্নয়ন বাস্তবায়নকে জামায়াত নৈতিক দায়িত্ব হিসেবে দেখবে বলেও উল্লেখ করেন তিনি।

আসন্ন নির্বাচনকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এটি শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়; বরং জনগণের রায়ের মাধ্যমে রাজনীতির গতিপথ পাল্টে দেওয়ার সুযোগ। পরিবারকেন্দ্রিক ও গোষ্ঠীগত রাজনীতির পরিবর্তে জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

নারীদের প্রতি আচরণের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, যেসব দল প্রকাশ্যে নারীদের কল্যাণের কথা বলে, তাদেরই নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটে—যা পুরো সমাজের জন্য লজ্জাজনক। তিনি স্পষ্টভাবে বলেন, মায়েদের অসম্মান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে যুবসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সচেতনভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেও সংঘাতে না জড়ানোর পরামর্শ দেন তিনি।

জনসভায় দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে স্লোগান ওঠে। জামায়াত আমির বলেন, জনগণের অধিকার, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এই নির্বাচনী প্রচারণা পরিচালিত হচ্ছে। যশোরবাসীর প্রতি তিনি ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী ও জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং যশোর জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানে যুদ্ধের দামামা, সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজা

ইরানে যুদ্ধের দামামা, সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজা