আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। তবে আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল ছাড়া পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার নিষিদ্ধ।
নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে নির্বাচনী পোস্টার মুদ্রণ বন্ধে প্রিন্টিং প্রেসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন আশা করছে, এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত হবে এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ থাকবে।